শেরপুরে ভাগনের হাতে মামি খুন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫ পিএম

শেরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাগনের হাতে মামি খুন হয়েছেন। নিহত মামির নাম রোজিনা বেগম (৪৫)। তিনি সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া গড় গ্রামের হাতেম আলীর স্ত্রী।

সোমবার বিকেলে হাওড়া গড় গ্রামে এ ঘটনা ঘটে। পরে গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে ভাগনে আবদুল কাদির পরিবার নিয়ে পলাতক রয়েছেন। কাদির হাওড়া গড় গ্রামের হামিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন যাবৎ বাড়ির সীমানা নিয়ে রোজিনা বেগমের সঙ্গে তার ভাগনে হামিজ উদ্দিনের ছেলে আবদুল কাদিরের মধ্যে বিরোধ চলে আসছিল। গত সোমবার বিকেলে রোজিনার ছেলে মজনু মিয়া বিরোধপূর্ণ ওই সীমানায় একটি সজনা গাছের ডাল রোপণ করতে যান। এ সময় মজনুর সঙ্গে তার ফুফু কাজলি বেগম ও ফুপাতো ভাই আবদুল কাদিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাদির রোজিনার মাথার উপর আঘাত করলে গুরুতর আহত হন। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসীরা রোজিনা বেগমকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে রোজিনা মারা যান।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত