৬ ছক্কা না মারায় তেওয়াতিয়াকে ধন্যবাদ জানালেন যুবরাজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:০০ পিএম

আইপিএলে রবিবার রাতে রেকর্ড রান তাড়া করে জিতেছে রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ২২৪ রান তাড়া করে জয়ে বড় অবদান রাখেন রাহুল তেওয়াতিয়া। ৩১ বলে ৭ ছক্কায় করেন ৫৩ রান। ছক্কাগুলোর ৫টিই তিনি মেরেছেন এক ওভারে।

একপর্যায়ে মনে হচ্ছিল ছয় বলের সব কটিতেই ছক্কা হাঁকাবেন। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। যে কারণে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় বলে ৬ ছক্কা হাঁকানো যুবরাজ সিংয়ের কাছ থেকে ধন্যবাদ পাচ্ছেন ২৭ বছর বয়সী ব্যাটার।

শুরুতে কিছুই ঠিকঠাক হচ্ছিল না। প্রথম ১৯ বলে তিওয়াতিয়া করেছিলেন মাত্র ৮ রান। রাজস্থান ভক্তদের মনে শঙ্কা বাড়ছিল। কেন যে আগে ব্যাট করতে পাঠানো হল তিওয়াতিয়াকে, এ রকম চিন্তাও অনেকেই করছেন। ঠিক তখনই ঝড় তোলেন তিওয়াতিয়া।

ক্যারিবিয়ান তারকা শেলডন কটরেলের করা ইনিংসের ১৮তম ওভারে পাঁচটা ছক্কা হাঁকান তেওয়াতিয়া। টানা চার ছক্কা মারার পর পঞ্চম বল মিস করেন। ষষ্ঠ বলে ফের ছক্কা হাঁকান।

তেওয়াতিয়ার এমন ইনিংসেই ৩ বল ও ৪ উইকেট হাতে থাকতেই জয় নিশ্চিত হয় রাজস্থানের। সঞ্জু স্যামসন ৪২ বলে ৮৫ রানের মূল্যবান ইনিংস খেলেন।

কিন্তু গেম চেঞ্জার আসলে তেওয়াতিয়াই। তার ছক্কা মারা দেখে বিস্মিত যুবরাজ টুইট করেন, ‘রাহুল তেওয়াতিয়া, না ভাই না। একটা বল মিস করার জন্য ধন্যবাদ। কী দুর্দান্ত ম্যাচ...।’

উল্লেখ্য, ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত