প্রতীক্ষার অবসান, মাঠে নামলেন গেইল

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০৮:৩২ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএলের এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামলেন ক্রিস গেইল।

বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে কিংস ইলেভেন পাঞ্জাব। মুজিব উর রহমানের পরিবর্তে পাঞ্জাব একাদশে ঢুকেছেন গেইল। আগের ৭ ম্যাচের একটিতেও ওয়েস্ট ইন্ডিজ তারকাকে একাদশে দেখা যায়নি।

অবশ্য পেটের পীড়ায় আক্রান্ত না হয়ে দুই ম্যাচ আগেই হয়তো মাঠে নামা হতো গেইলের।

এদিন পাঞ্জাবের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। দলটি কলকাতার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নেয়। সেই ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমেছে তারা।

পাঞ্জাব সব মিলে তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। মানদীপের চোট থাকায় তিনি মাঠে নামতে পারছেন না। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন দীপক হুডা। উইকেটকিপার-ব্যাটসম্যান সিমরনের জায়গায় দলে ফেরেন মুরুগান অশ্বিন। আর মুজিবের পরিবর্তে গেইল।

কিংস ইলেভেন পাঞ্জাব তাদের প্রথম ৭ ম্যাচে একটি মাত্র জয় তুলে নিতে পেরেছে। সেই জয়টি এসেছে বেঙ্গালুরুর বিপক্ষেই। সেদিক থেকে কোহলিদের কাছে এই ম্যাচ বদলা নেওয়ার ম্যাচ হিসেবে বিবেচিত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত