দায়িত্বরত সরকারি কর্মকর্তাকে হুমকি, গালিগালাজ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের মামলায় (ইসি) আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী নিক্সন।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রবিবার আবেদনটি জমা দেওয়া হয় বলে সাংবাদিকদের জানান তার আইনজীবী এম মঞ্জুর আলম।
মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে।
এমপি নিক্সনের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদ্দিন মালিক।
ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার চরভদ্রাসন থানায় সাংসদ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলার উপ নির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় এমপি নিক্সন জেলা প্রশাসক অতুল সরকারকে ফোন করে কৈফিয়ত দাবি করে তার সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করার হুমকি দেওয়াসহ অশোভন আচরণ করেন।
এছাড়া নির্বাচনের দিন সেখানকার একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়া ও বুথের সামনে ধূমপান করার সময় একজন পোলিং এজেন্টকে আটকের ঘটনায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এমপি নিক্সন অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেন। এজাহারে উল্লেখ করা হয়, একজন সংসদ সদস্য হয়েও নিক্সন চৌধুরী নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন।
তবে, মুজিবর রহমান চৌধুরী নিক্সন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ওই অডিও রেকর্ডটি সুপার এডিটেড করে ভাইরাল করা হয়েছে।
