বাগদান হয়ে গেল পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর। সুরকার নীলাঞ্জন ঘোষকে বিয়ে করতে চলেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার সন্ধ্যায় বাগদানের আংটি বদল হয় ইমন-নীলাঞ্জনের।
বেশ কিছুদিন ধরেই ইমনের বিয়ের খবর ভাসছিল। অনেকের মুখেই পাত্র নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। সব জল্পনার অবসান হয় সোমবার। নিজের মনের মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর কথা জানিয়ে দিলেন গায়িকা।
সুরকার নীলাঞ্জনের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় হলেও ইমনের সঙ্গে প্রেমপর্ব শুরু হয় গত ডিসেম্বরে। খুব শিগগিরই তারা বিয়েও করতে চান। তবে করোনার কথা মাথায় রেখেছেন তারা।
জানা যায়, সামনের বছরের শুরুর দিকেই চার হাত এক হবে। তবে বিয়ের পরেও নিজেদের কোনো পরিবর্তন হবে না বলেই বক্তব্য ইমনের।
নীলাঞ্জনকেই কেন বেছে নিলেন বর হিসেবে? ইমনের স্পষ্ট কথা, “নীলাঞ্জনের ভালোবাসার মধ্যে বাবার মতো একটা শাসন-স্নেহ ও দায়িত্ববোধ রয়েছে। বাবার কাছে যতটা যত্ন পেয়েছি, নীলাঞ্জনের কাছেও ঠিক তেমনই যত্নে আমি থাকব। আমরা খুবই ভালো বন্ধু। তবে এখন যেমন আছি, বিয়ের পরেও ঠিক তেমনই থাকব।”
সম্প্রতি জি বাংলা সারেগামাপা-অনুষ্ঠানে সংগীতগুরুর আসনে দেখা যাচ্ছে ইমনকে। কয়েক দিন আগেই বাদশার ‘গেন্দা ফুল’ গানের বাংলা সংস্করণ বিক্রম ঘোষের নতুন গানে গাইতে দেখা যায় ইমনকে। ভিডিওতেও ছিলেন তিনি। এ ছাড়া ইমনের ইউটিউব চ্যানেলে বুধবার পণ্ডিত অজয় চক্রবর্তীর ছেলে অঞ্জনের সঙ্গে কণ্ঠ দেওয়া একটি গান মুক্তি পাবে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা নীলাঞ্জনের সঙ্গে কিছু কাজও করেছেন। তাদের সাম্প্রতিক ইউটিউব রিলিজ ছিল ‘এ কী লাবণ্যে’।