আইসিটি মামলায় নিম্ন আদালতেও জামিন পেলেন সাংবাদিক জীবন

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৮:৪৫ পিএম

করোনাভাইরাসের মহামারীর শুরুতে প্রশাসনের ভূমিকা নিয়ে ফেইসবুক স্ট্যাটাসে সমালোচনা করার অভিযোগে পুলিশের দেওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় উচ্চ আদালতের পর নিম্ন আদালতেও জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবন।

বুধবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর উচ্চ আদালতের বিচারক শেখ মো. জাকির হোসাইন ও কেএম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চের আদেশে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন সাংবাদিক আল মামুন জীবন। আইনজীবী সাইফুজ্জামান তুহিন উচ্চ আদালতে জামিনের আবেদন করেন।

সাংবাদিক মামুনের পক্ষে জামিনের আবেদন করেন ঠাকুরগাঁও আইনজীবী সমিতির অ্যাডভোকেট সৈয়দ আলম। এছাড়া শুনানিতে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এন্তাজুল ইসলাম, অ্যাডভোকেট আবু হাসনাত বাবু, অ্যাডভোকেট ফেরদৌস হোসাইন ও অ্যাডভোকেট রুহুল আমিন অংশ নেন।

সাংবাদিক আল মামুন জীবন দৈনিক অধিকার পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি এবং নর্থবেঙ্গল২৪ ডট নেট পত্রিকার বার্তা প্রধানের দায়িত্ব পালন করছেন।

ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে ডিসি-এসপিসহ জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় গত ১৫ এপ্রিল বালিয়াডাঙ্গী থানায় এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সাংবাদিকরা মামলা তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে ডিজিটাল মামলা দিয়ে সাংবাদিক হয়রানির বন্ধের অনুরোধ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত