সমুদ্র অর্থনীতিকে কাজে লাগাতে দরকার দক্ষ জনবল: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০১:৫৯ এএম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল তৈরি করার কোনো বিকল্প নেই।

বুধবার মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফল ২০২০ সেমিস্টারের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমাদের দেশের সমুদ্র অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত দক্ষ জনবল এবং প্রযুক্তি না থাকায় আমরা সেই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পারছি না। তথ্য ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ইতিমধ্যে এ বিষয়টিতে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। বাংলাদেশ যেমন সম্ভাবনার দেশ ঠিক তেমনি সম্ভাবনাময় এদেশের তরুণ-তরুণীরা। নতুন প্রজন্মের উন্নতি মানেই দেশের সার্বিক উন্নতি। তাই হতাশ না হয়ে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলামের সভাপতিত্বে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, অন্যান্য সদস্য এবং শিক্ষকসহ শিক্ষার্থী ও অভিভাবকরা যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত