উলিপুর পৌর মেয়রের বাসভবন থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৪:৫০ পিএম

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার মেয়রের বাসভবন থেকে আল আমিন মিয়া (১৯) নামে মেয়রের গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পৌর শহরের জোদ্দারপাড়ায় মেয়রের বাসভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আল আমিন চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র। মেয়র তারিক আবুল আলা এ সময় বাড়িতে ছিলেন না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন মিয়া গত ৭ মাস ধরে পৌর মেয়র তারিক আবুল আলার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। গত সোমবার সন্ধ্যায় স্বর্ণময়ী সরোবরে প্রতিমা বিসর্জন দেখে বাসায় ফেরেন। এরপর রাতের খাবার খেয়ে তার ঘরে ঘুমিয়ে পড়েন।

মঙ্গলবার সকালে তাকে ডাকা-ডাকি করলে তার কোন সাড়াশব্দ না পেয়ে, বাসার গার্ডসহ প্রতিবেশীরা ঘরের ছিদ্র দিয়ে আল আমিন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ মরদেহটি থেকে উদ্ধার করে। 

পৌর মেয়র তারিক আবুল আলা মুঠোফোনে বলেন, বিষয়টি আমি সকালে শুনেছি। আমি এখন  ঢাকায় রয়েছি। কেন এমন হলো কিছু বুঝতে পারছি না। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, তার পায়ের আঙুলে রক্তের দাগ ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত