পবিপ্রবিতে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি পালন

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৪:০৬ পিএম

বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নয়নসহ ১০ দফা দাবিতে চলমান লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীরা ২ ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন।

পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের ভিসি-রেজিস্ট্রার দপ্তরসহ সকল বিভাগের কর্মরত কর্মচারীরা বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান জনিসহ অন্যান্য নেতারা বক্তৃতা করেন।

বক্তারা অবিলম্বে তাদের উত্থাপিত ১০ দফা দাবি মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় পূর্ণ দিবস কর্মবিরতি, অনশন, ক্যাম্পাস অবরুদ্ধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এদিকে কর্মচারীদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম ২ ঘণ্টা স্থবির হয়ে পড়েছে। কর্মচারীদের কর্মবিরতির কারণে সংস্থাপন শাখাসহ সকল প্রশাসনিক বিভাগের দাপ্তরিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

পবিপ্রবি’র কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা বলেন, কর্মচারীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না ইনশাল্লাহ। পর্যায়ক্রমে আরও কঠোর থেকে কঠোরতর লাগাতার কর্মসূচি দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত কর্মচারীদের দাবি-দাওয়ার প্রশ্নে বলেন, কর্তৃপক্ষ আন্তরিক আছে। পর্যায়োন্নয়নের বিষটি আইনি পরিবর্ধন-পরিমার্জনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বোর্ড অব রিজেন্ট’র সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত