করণ জোহরের বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন মধুর ভান্ডারকর!

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১১:১২ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সময়টা ভাল যাচ্ছে না করণ জোহরের। সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের পাত্র হতে হয়েছে প্রযোজক-পরিচালককে। এবার প্রকাশ্যে নাম চুরির অভিযোগ আনলেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক মধুর ভান্ডারকর।

২৭ নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে রিয়ালিটি সিরিজ ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস। সিরিজে বলিউড তারকাদের স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের কাহিনি তুলে ধরা হয়েছে। রয়েছেন শাহরুখপত্নী গৌরী খান, সঞ্জয় কাপুরের স্ত্রী সীমা খান, চাঙ্কি পাণ্ডের স্ত্রীর ভাবনা পাণ্ডে। এছাড়াও দেখা যাবে প্রাক্তন অভিনেত্রী নীলমকে। এই সিরিজের নাম নিয়েই আপত্তি রয়েছে মধুর ভান্ডারকরের।

নিজের টুইটারে পদ্মশ্রী সম্মান পাওয়া পরিচালক লিখেছেন, “প্রিয় করণ জোহর, আপনি ও অপূর্ব মেহতা আমার কাছে ‘বলিউড ওয়াইভস’ নামটি ওয়েব প্রজেক্টের জন্য চেয়েছিলেন। আমি তাতে না করে দিয়েছিলাম আমার প্রজেক্টের কাজ চলছে বলে। সেই নামকে চালাকি করে ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ করে নিয়ে নেওয়া নীতিগতভাবে অনুচিত। দয়া করে আমার প্রজেক্টের ক্ষতি করবেন না। বিনীতভাবে অনুরোধ করছি নিজের সিরিজের নাম পালটান।”

সুশান্তের মৃত্যুর পর থেকে এমনিতেই সোশ্যাল মিডিয়ার বেশিরভাগের অপছন্দের তালিকায় করণ জোহর। সমালোচনার কারণে ভারচুয়াল জগতে নিজের গতিবিধিও সীমিত করে দিয়েছেন প্রযোজক-পরিচালক। মধুরের এই টুইটে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অনেকেই মধুরের পাশে দাঁড়িয়ে করণকে একহাত নিয়েছেন। তাঁকে ‘ফেক’ বলে কটাক্ষ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত