স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হচ্ছেন মোজাম্মেল হক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১১:৫০ পিএম

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে ফের নিয়োগ পেতে যাচ্ছেন ড. মো. মোজাম্মেল হক খান।

শনিবার বাংলাদেশ স্কাউটসের ৪৯তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভায় তাকে প্রধান জাতীয় কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট আবদুল হামিদের কাছে সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের কাউন্সিল সভা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে সভার উদ্বোধন করেন।

মোজাম্মেল হক খান ২০১৪ সাল থেকে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) হিসেবে দায়িত্ব পালন করছেন। মোজাম্মেল হক স্কাউটিংয়ে অনন্য অবদানের জন্য ২০১৬ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘সিলভার এলিফ্যান্ট’ লাভ করেন।

তিনি ২০১৯ সালে দক্ষিণ এশিয়ার সার্ক দেশগুলোর সমন্বয়ে গঠিত সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনের চেয়ারপারসন নির্বাচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত