৩৭ এ মাশরাফীর ৫ উইকেট

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১০:০৭ পিএম

একটা অপূর্ণতা ঘুচল মাশরাফী বিন মোর্ত্তজার। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে টি-টোয়েন্টিতে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন ৩৭ বছর বয়সী তারকা।

সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেট নেন মাশরাফী। নড়াইল এক্সপ্রেসের বোলিং নৈপুণ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা জেমকন খুলনা ৪৭ রানে নিজেদের করে। জায়গা করে নেয় ফাইনালে।

ম্যাচসেরা মাশরাফীর বোলিং ফিগার ৪-০-৩৫-৫।

প্রায় ৯ মাস মাঠের বাইরে ছিলেন মাশরাফী। সংসদ সদস্য হিসেবে করোনা মহামারির সময়ে ব্যস্ত সময় পার করেছেন। নিজেও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। স্ত্রী, সন্তানসহ পরিবারের অনেক সদস্যও আক্রান্ত হন এই ভাইরাসে।

সেই ধাক্কা সামলে মাশরাফী যখন মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেন, তখন চোট বাধ সাধে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুরু থেকে ছিলেন না। ফিট হওয়ার পর মাত্র দুই দিনের প্রস্তুতিতেই মাঠে নেমে পড়েছিলেন।

তাকে দলে পেতে তো রীতিমতো লড়াই-ই হয়েছে। শেষ পর্যন্ত জেমকন খুলনা লটারিতে মাশরাফীকে পায়। কেন তারা মাশরাফীকে পেতে ব্যাকুল ছিল, তার প্রমাণ মিলল এদিন।

২০০৬ সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক মাশরাফী। ঘরোয়া টি-টোয়েন্টি মিলে এদিন মাশরাফী খেলতে নামেন ১৬৬তম ম্যাচ। আর এই ম্যাচেই পেলেন ৫ উইকেটের দেখা। টি-টোয়েন্টিতে তার আগের সেরা বোলিং ছিল ৪/১১।

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন মাশরাফী। তার উইকেট সংখ্যা এখন ১৫৩টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত