বিশ্বের যে সমস্ত দেশ করোনার ভ্যাকসিন তৈরী করেছে, তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফার করে বাংলাদেশে এনে করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে।
এ বিষয়ে ওই সব দেশের কোম্পানীগুলোর সাথে কথা চলছে বলে জানিয়েছেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
শুক্রবার দুপুরে ঝিনাইদহের এফএনএফ নামের একটি ফার্মাসিউটিক্যালস কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
মাহবুবুর রহমান আরো বলেন, আমাদের দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির করোনা ভ্যাকসিন তৈরীর সক্ষমতা আছে। টেকনোলজি ট্রান্সফার করা হলেই দেশে উৎপাদনের কাজ শুরু যাবে।
পরিদর্শনকালে ঔষধ প্রশাসনের উপ-পরিচালক সালাহউদ্দিন আহম্মেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন হাইজিন বিভাগের প্রফেসর ড. বাহানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
