বৈচিত্র্যময় জ্যাকেটে শীত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১১:৪০ পিএম

হালকা শীতে হাফ জ্যাকেট, বেশি শীতে ফুল জ্যাকেট এ সময়ের ট্রেন্ড। হাফ জ্যাকেটের রং ও কাটিং প্যাটার্নেও এসেছে নানা পরিবর্তন। রং নির্বাচন এমনভাবে করা হয়েছে, যেন যেকোনো পোশাকের সঙ্গে অনায়াসে মানিয়ে যায়। আর ফুল জ্যাকেটেও থাকছে বৈচিত্র্য। দেখে মনে হবে, এটা ঠিক সো-কলড জ্যাকেট নয়, কিন্তু আসলে জ্যাকেটই। আরও আছে নানা ধরনের প্রিন্ট। কখনো অ্যানিমেল, কখনো ফ্লোরাল আবার কখনো মিলিটারি। শীতের রকমারি জ্যাকেট নিয়ে লিখেছেন মোহসীনা লাইজু

ছেলেদের শীতপোশাক হিসেবে দীর্ঘদিন ধরে জনপ্রিয় জ্যাকেট। বিশেষ করে টিনএজ ও তরুণদের একক দখলদারিত্ব জ্যাকেটে। একটা সময় জ্যাকেট বলতে ছিল লেদার, না হয় ডেনিম। এখন রংবাহারি সব জ্যাকেটে বাজার ভরপুর। আর এগুলো তৈরি হচ্ছে চামড়া, রেক্সিন, গ্যাবার্ডিন, ডেনিম, ভিসকস, সার্টিন ও সুতির মতো ম্যাটেরিয়াল দিয়ে। জ্যাকেট পাতলা ও মোটা দু-ধরনেরই আছে। চামড়ার জ্যাকেট পিওর সিনথেটিক এবং মিক্স লেদার নামে পরিচিত। জ্যাকেটের প্যাটার্নেও রয়েছে ভিন্নতা। যেমন ভেলেন্ট লেদার রাইডিং জ্যাকেট, ইলাস্টিক, বোম্বার স্টাইল, মোটরবাইক, পুলিশ জ্যাকেট, পাঙ্ক, রকস্টার জ্যাকেট ইত্যাদি। লেদার জ্যাকেটের পাশাপাশি রেক্সিন ও নানা ধরনের ফেব্রিকসের জ্যাকেটও আছে।

এ প্রসঙ্গে রনেশন ফ্যাশন হাউজের ব্র্যান্ড ম্যানেজার তারেক জামান বলেন, ‘এবার শীতপোশাকে জ্যাকেটের আধিপত্য বেশি। স্টাইলিশ প্যাটার্নের পাশাপাশি ছাই, কফি, কালোর মতো ডার্ক ও বৈচিত্র্যপূর্ণ রংগুলো বেশি চলছে। এ ছাড়া অফহোয়াইট, সবুজ, ধূসর প্রিন্টের জ্যাকেটও আছে। হাল ফ্যাশনে চেক, স্ট্রাইপ ফেব্রিকসসহ বিভিন্ন ধরনের নকশাও যোগ আছে।’

ছেলেদের ফেব্রিকস-নির্ভর জ্যাকেটে জিপার, ওয়েল্টেট পকেট ও বাটনে এসেছে ভিন্নতা। দুই কিংবা চার বোতামের এসব জ্যাকেট বেশ স্টাইলিশ। এ বছর প্রিন্টের জ্যাকেটের চাহিদা বেশি। এ ছাড়া অনেক জ্যাকেটে আবার এমব্রয়ডারি, আপ্লিক ও মেটাল, বাকলসহ নানা কিছু যোগ হয়েছে। বোতাম ও পকেটের নান্দনিকতায় বাহারি কাটিংয়ের জ্যাকেটগুলোতে ব্যবহার করা হয়েছে চমৎকার লাইনিং। এমন অনেক জ্যাকেটও আছে যার দুই পিঠই ব্যবহার করা যায়। জ্যাকেটের মধ্যে হুডি জ্যাকেটও রয়েছে। বেশি শীতে ঝটপট হুডি তুলে নেওয়া যায়। তা ছাড়া হাফ জ্যাকেটও অনেকের পছন্দ। রঙেও আছে বৈচিত্র্য। কয়েক বছর ধরে হালকা শীত থাকায় এ ধরনের জ্যাকেটের চাহিদা বেড়েছে।

পলওয়েল সুপার মার্কেটের হাবিব গার্মেন্টসের স্বত্বাধিকারী বশির আল মতিন জানান, ‘বিদেশি নয়, এখন দেশের বাজারেই ভালো জ্যাকেট পাওয়া যায়। বিদেশি বাজার লক্ষ্য করেও জ্যাকেট তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ডেনিম, ফ্লানেল, কড, উল, মোটা ক্যানভাসের কাপড়, প্যারাসুটের কাপড় এবং চামড়ার তৈরি জ্যাকেট। তবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ডেনিম, গ্যাবার্ডিন ও আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট। জ্যাকেটের কাটিং প্যাটার্নের মধ্যেও বৈচিত্র্য লক্ষ করা যায়। কিছু জ্যাকেটের সামনে খোলা। তাতে হয়তো বোতাম বা ফিতা ব্যবহার করা হয়েছে আটকানোর জন্য। ম্যাটেরিয়ালের স্থায়িত্ব, আরাম, রং ও টেক্সচারের জন্য গ্রহণযোগ্যতাও বেশি।’

জ্যাকেটের জনপ্রিয় কিছু স্টাইল হচ্ছে বেসিক ওয়েস্ট লেস জিপ ফ্রন্ট জ্যাকেট, ক্ল্যাসিক লেন্থ, জিপ ফ্রন্ট কিংবা টু বাটন, ফোর বাটন জ্যাকেট, ভেলেন্ট লেদার রাইডিং জ্যাকেট, ইলাস্টিকসহ বোম্বার স্টাইল জ্যাকেট, মোটরবাইক, মিলিটারি, এভিয়েটর, রকস্টার, পাঙ্ক, পুলিশ জ্যাকেট ইত্যাদি। জ্যাকেট জনপ্রিয় হয়ে ওঠার কারণ হলো ক্যাজুয়াল অথবা পার্টি সব ধরনের পরিবেশে জ্যাকেট পরা যায়। বেশি কিংবা হালকা শীতে একটা জ্যাকেট পরে নিলেই হয়। প্রিন্টের জ্যাকেটের সঙ্গে জিন্সের প্যান্ট বেশি মানায়। সঙ্গে কেডস, বুট ও স্নিকার্স চলতে পারে।

কোথায় পাবেন

ছেলেদের জ্যাকেট নন-ব্যান্ডের কিনতে পারবেন বঙ্গবাজার হকার্স মার্কেট, গুলিস্তান মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, নিউ মার্কেট, গাউছিয়া, খিলগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, তালতলা, মিরপুর, মোহাম্মদিয়া মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, শাহ আলী মার্কেট, রাজধানী সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটে। পল্টন পলওয়েল সুপার মার্টেন, এলিফ্যান্ট রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, সীমান্ত স্কয়ার, বঙ্গবাজার, টুইন টাওয়ার, নাভানা টাওয়ার, বসুন্ধরা সিটিসহ রাজধানীর বিভিন্ন শপিংমলেও পাবেন দেশি-বিদেশি স্টাইলিশ জ্যাকেট। বিভিন্ন লেদারবেইজ শপে অর্ডার দিয়েও আপনি আপনার পছন্দ ও মাপমতো জ্যাকেট কিনে নিতে পারবেন। সে ক্ষেত্রে দামটা একটু বেশিই গুনতে হবে। গ্যাবার্ডিন, ডেনিম কিংবা সুতির জ্যাকেট কিনতে পারবেন ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে। আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট ২৫০০ থেকে ৪০০০ টাকায় । ভালো মানের লেদারের জ্যাকেট ৪০০০ থেকে ৭৫০০ টাকা। ব্র্যান্ডের নানা ম্যাটেরিয়ালের জ্যাকেট পাবেন ২৫০০ থেকে ১০,০০০ টাকায়। ব্র্যান্ডের জ্যাকেট কিনতে যেতে পারেন রনেশন, ডিমান্ড, ওয়েসটেকস, ইনফিনিটি, ইজি, এক্সট্যাসি, ক্যাটস আই, ব্র্যান্ড কিউ, ফ্রিল্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে।

মডেল : ফয়সাল দ্বীপ, পোশাক : ডিমান্ড, ছবি : আবুল কালাম আজাদ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত