৫ জানুয়ারি থেকে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে একটি টিজার। টিজারটি একটি ভিডিও গেমের। সেই ভিডিও গেমের প্রধান চরিত্রে দেখা যাচ্ছে অমর নায়ক সালমান শাহকে। সারা বিশ্বে নামী দামী তারকাদের নিয়ে ভিডিও গেম বানানো হলেও বাংলাদেশি কোনো তারকাকে নিয়ে ভিডিও গেম নির্মাণ এবারই প্রথম। এনাইহিলেশন সিরিজের এই ভিডিও গেমটি তৈরি করছে বাংলাদেশের দুই তরুণ গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয়।
তাদের গড়ে তোলা প্রতিষ্ঠান ক্রাইসিস এন্টারটেইনমেন্ট এই গেমটি শিগগিরই প্রকাশের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, ভিডিও গেমটিতে শুধু বাংলাদেশের নায়ক সালমান শাহ-ই থাকছে না। এর পুরো ম্যাপ, ব্যাকগ্রাউন্ড, চরিত্রগুলো হুবহু বাংলাদেশের আদলেই তৈরি হচ্ছে।
প্রকাশিত টিজার থেকে আগাম ধারণা করা যাচ্ছে, এখানে সালমান শাহ একজন ফাইটারের ভূমিকায় আসছেন। যেখানে তার একটি হাত আসল হলেও অন্যটি যান্ত্রিক! তবে তার চুলের স্টাইল, গলার লকেট, পরনের পোশাক, চোখের গ্লাস, হাঁটার ধরণ- সবকিছুই সালমান প্রেমিদের নস্টালিজিয়ায় ভোগাবে কিংবা মুগ্ধ করবে।