চিত্রনায়ক ইমন প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়ার সঙ্গে। রকিবুল আলম রকিব পরিচালিত 'বিয়ে আমি করবো না।' ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে। পুরোপুরি কমেডি ঘরানার গল্পের ছবি এটি। ১৬ জানুয়ারি থেকে ঢাকার অদূরে সাভারে ছবিটির শুটিং শুরু হচ্ছে জানিয়েছেন ইমন।
ইমন বলেন, ‘এটি কমেডি গল্পের ছবি। পাসওয়ার্ড, আকবর ও বীরত্ব ছবিগুলোতে আমার চরিত্রগুলো সিরিয়াস হলেও নতুন এই ছবিতে আমাকে কিছুটা ফানি চরিত্রে দেখতে পারবেন দর্শক। ছবিটির পরিচালকের সঙ্গেও আমার প্রথম কাজ। অনন্ত ভাইয়ের যে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে্ছি সেটার শুটিং কিছুটা দেরিতে শুরু হবে। তাই গল্প পছন্দ হওয়ায় এই ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়া। চেষ্টা থাকবে ভালো একটি ছবি দর্শকদের উপহার দেয়ার। আশা করছি, আমরা পারবো।’
সর্বশেষ 'ভালো থেকো' ছবিতে কাজ করেছিলেন তানহা তাসনিয়া। ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে। ছবিটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি। মাঝে বেশ কিছু নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে।
তানহা তাসনিয়া বলেন, 'অনেক দিন পর নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছি। আশা করি ভালো কিছু হবে।'
'বিয়ে আমি করবো না' ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। পরিচালক জানিয়েছেন চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে।