মানবাধিকার কমিশন ও ব্র্যাকের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৭ পিএম

প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের কল্যাণ, সুরক্ষা ও প্রবেশগম্যতা নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) ও ব্র্যাক এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে মানবাধিকার কমিশনের সম্মেলনকক্ষে এই স্মারক স্বাক্ষরিত হয়। এদিন ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই স্মারকের লক্ষ্য, অংশীদারত্বকে আরও জোরদার করা, গণপরিবহনে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করা, অবকাঠামো উন্নয়ন ও তথ্য বিনিময় করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্মারকের আওতায় উভয় সংস্থা দৃশ্যমান ও ডিজিটাল উভয় ক্ষেত্রেই প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন তুলনামূলকভাবে কম সমস্যার মুখোমুখি হয় এবং একটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশ পায়, তা নিশ্চিতকরণে ভূমিকা পালন করবে। এই সহযোগিতা তথ্যপ্রমাণ সংগ্রহ ও উপস্থাপন, বিশ্বের বিভিন্ন স্থান থেকে উত্তম চর্চা বা অনুশীলন খুঁজে বের করা, তথ্য ও জ্ঞান আহরণ, সহযোগিতার প্ল্যাটফর্ম স্থাপন, প্রবেশগম্যতার জন্য মানদণ্ড ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টির জন্য দেশব্যাপী সচেতনতা তৈরির দিকে দৃষ্টি নিবদ্ধ করবে।

সমঝোতা স্মারকের বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, প্রবেশগম্যতার অভাবই হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসল সমস্যা। আর এই সমস্যা সমাধানে বিপুল অর্থ বা লোকবলের চেয়ে বেশি প্রয়োজন সংবেদনশীলতা ও মানবিক উদ্যোগ। এনএইচআরসি তাই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘প্রবেশগম্য ঢাকা শহর’ গড়ার উদ্যোগ গ্রহণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত