দেশের প্রবীণ গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। লিখেছেন, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘আজ যে শিশু’, ‘সময় যেন কাটে না’র মতো স্মরণীয় কিছু গীতিকবিতা।
নিয়মিত গীতিকবিতা লিখলেও শ্রোতাদের অনেকে প্রত্যাশা করছিলেন তার একটি বইয়ের। বেশ কিছুদিন ধরে গান নিয়ে নিয়মিত কলাম লিখছিলেন শহীদ মাহমুদ জঙ্গী। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো তার বই : ‘নীলাম্বরি শাড়ি পরে’। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ।
বইটি প্রসঙ্গে সম্প্রতি এক আলাপচারিতায় শহীদ মাহমুদ জঙ্গী জানান, ‘নীলাম্বরি শাড়ি পরে’ প্রবন্ধের বই। মোট ছয়টি প্রবন্ধ আছে বইয়ে। এগুলো হলো, ‘পূর্বকথা: কে তুমি হে সখা’, ‘জয় তব বিচিত্র আনন্দ’, ‘বঙ্গ আমার জননী আমার’, ‘নির্মল করে মঙ্গল করে’, ‘কে আবার বাজায় বাঁশি’, ও ‘নীলাম্বরি শাড়ি পরে’। ছয়টি প্রবন্ধে বাংলা গানের পঞ্চকবিকে নিয়ে আলোচনা করেছেন তিনি। প্রকাশ করেছেন কিছু দৃষ্টিভঙ্গিও।
শহীদ মাহমুদ জঙ্গীর জন্ম ৬ ফেব্রুয়ারি। বেড়ে উঠা চট্টগ্রামে। থেকেছেন দেশ-বিদেশের নানা শহরে। তার লেখা গীতিকবিতা ভূমিকা রেখেছে সোলস, রেনেসাঁ ও এলআরবির জনপ্রিয়তায়। বাংলা ছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বেশ কিছু গীতিকবিতা লিখেছেন তিনি। সেসবও পেয়েছে শ্রোতাপ্রিয়তা।
সৃষ্টিশীল কাজের পাশাপাশি সাংগঠনিক কাজেও যুক্ত রয়েছেন তিনি। গত বছরের ২৫ ডিসেম্বর গীতিকবি সংঘের প্রথম সভাপতি নির্বাচিত হন শহীদ মাহমুদ জঙ্গী। সে সময় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা অনেক বড় দায়িত্ব। কারণ, সামনে আমাদের অনেক কাজ। কাজের পাহাড়ও বলা যায়। গত ৫০ বছরে আমাদের সম্মান ও স্বার্থ নিয়ে কেউ কাজ করেনি। উদাসীন ছিলাম আমরাও। এবার সেই কাজটি সবাই মিলে এক হয়ে করতে চাই।’ আগামী বছর এই কমিটির মেয়াদ শেষ হবে।
