ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিদেশযাত্রা ঠেকাতে ব্যবস্থা নিতে সৌদি এয়ারলাইনসকে নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার তামিমা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘তামিমা তাম্মির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিয়ে, ব্যাভিচার ও মানহানির অভিযোগ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরির সুবাদে যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য ওই এয়ারলাইনস কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নোটিশের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া তিনি এখনো তার পাসপোর্ট ও সৌদি এয়ারলাইনসের বিভিন্ন নথিতে আগের স্বামীর (রাকিব) নাম ব্যবহার করছেন। এর দায় তো রাকিব নিতে পারেন না। তাই এটিরও সুরাহা হওয়া প্রয়োজন।’
এদিকে বিয়ে ও বিচ্ছেদের (ডিভোর্সের) প্রক্রিয়া ডিজিটালাইজেশনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর মঙ্গলবার শুনানি হতে পারে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী ইশরাত হাসান।
গত ৮ মার্চ হাইকোর্টে মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’ এবং তিনজন ভূক্তভোগীর পক্ষে এ আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান।
রিটকারী তিনজনের একজন হলেন, তামিমা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান।
আবেদনে বলা হয়, বিবাহ ও বিবাহ বিচ্ছেদের (ডিভোর্স) রেজিস্ট্রেশনের (নিবন্ধন) আইনগত বিধান থাকলেও তা শুধু কাগজপত্রের মাধ্যমে সম্পন্ন হওয়ায় যে কেউ তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে প্রতারণা করতে পারে। এর ফলে বিবাহ সংক্রান্ত অপরাধ, পারিবারিক বিরোধ বেড়ে মামলা হচ্ছে।
গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তুরায় ক্রিকেটার নাসিরের সঙ্গে কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু তামিমা তার প্রথম স্বামী রাকিব হাসানের সঙ্গে বিচ্ছেদ না ঘটিয়েই ফের বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন তামিমার প্রথম স্বামী রাকিব। যদিও পরে তামিমা ও নাসির সংবাদ সম্মেলনে দাবি করেন রাকিবের সঙ্গে বিচ্ছেদের পরই দু’জন বিয়েতে আবদ্ধ হয়েছেন।
