মোদি বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে হেফাজত ইসলামের ডাকে ভৈরবেও হরতাল পালিত হয়েছে।
সকাল থেকে হরতাল সমর্থনকারীরা ঢাকা-সিলেট, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে হরতাল পালন করে। আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ভৈরব থেকে দূর পাল্লার যানবাহনসহ কোনো ধরনের যান চলাচল করেনি। এ সময় তারা মোদি বিরোধী স্লোগান দেয় এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি করে।
দুপুরে মহাসড়কে যোহরের নামাজ পড়ে নিহতদের আত্মার শান্তি কামনাসহ মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া ও মোনাজাত করে অবরোধ কর্মসূচি শেষ করেন তারা।
এদিকে দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সোনার বাংলা ট্রেনটি সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আউটার সিগন্যালের কাছে হরতালকারীদের কবলে পড়ে। এ সময় হরতালকারীরা ইটপাটকেল ছুড়লে ট্রেনের ইঞ্জিনসহ ১৪টি বগির ১৩২টি গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। ৩৫০ জন রেলযাত্রী আতঙ্কগ্রস্ত হয়ে ট্রেনের মেঝেতে শুয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় ট্রেনের ৮ জন যাত্রী আহত হন। অবস্থা বেগতিক দেখে চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটিকে ঘটনাস্থল থেকে ভৈরব স্টেশনে নিয়ে আসেন।
অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনে ইটপাটকেল ছুড়লে এতে ট্রেনটির চালক আনোয়ার হোসেন ও সহকারী ট্রেন চালক সবুজ হাসান আহত হন। বর্তমানে ট্রেনগুলো ভৈরব স্টেশনে রয়েছে।
