যশোরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ৩০ মার্চ ২০২১, ০২:১৫ পিএম

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শার্শা ভূমি অফিসের অফিস সহায়ক চঞ্চল হোসেন (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বালিয়াডাঙ্গা রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চঞ্চল হোসেন।

তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত চঞ্চল হোসেন যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের আতিয়ার মোল্যার ছেলে। তিনি শার্শা উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহসীন রেজা জানান, মোটরসাইকেলযোগে রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জিআরপি তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত