ভোলা-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী কলমীলতা নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
এতে ফেরিতে থাকা ৪/৫টি মালবাহী ট্রাক-পিকআপভ্যান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সুজন পাল তথ্য নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপভ্যান নিয়ে ভোলার ইলিশা আসছিল ফেরিটি।
ভোলার চর ও মতিরহাট সীমার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে ফেরিতে থাকা একটি ককসিটের পিকআপভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪/৫টি মালবাহী ট্রাক-পিকআপভ্যান মালামালসহ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
