শেকড়ে ফিরলেন এমিলি

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০১:০৯ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন। ১৩ দলের লিগের প্রথমপর্ব তারা শেষ করেছে ১২তম স্থানে থেকে। সংগ্রহ সাকল্যে পাঁচ পয়েন্ট। গোপীবাগের দলটি অবশ্য ঘুরে দাঁড়াতে চায় দ্বিতীয়পর্বে। দলে বেশ কিছু পরিবর্তনও এনেছে তারা। আগের চার বিদেশি থেকে তিনজনকেই বিদায় করার পাশাপাশি বেশ ক’জন অভিজ্ঞ ফুটবলারকে দলে নিয়ে তারা চাইছে টিকে

থাকতে। এই তালিকায় রয়েছে এক সময় জাতীয় দলের অন্যতম স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও। যে ক্লাবের হয়ে শীর্ষ লিগে পদার্পণ, ১৯ বছর পর সেই ক্লাবে ফিরে তারকা এই স্ট্রাইকার চাইছেন ব্রাদার্সকে সম্মানজনক একটা অবস্থানে নিয়ে যেতে। এমিলির মতোই দীর্ঘদিন পর পুরনো ক্লাবে ফিরেছেন জাতীয় দলের সাবেক ডিফেন্ডার আরিফুল ইসলাম ও আতিকুর রহমান মিশু। এর সঙ্গে ঢাকার মাঠের পরিচিত মুখ ফরোয়ার্ড ইমতিয়াজ সুলতান জিতু মধ্যবর্তী দলবদলে শেখ জামাল থেকে নাম লিখিয়েছেন ব্রাদার্সে।

এমিলির জন্য ব্রাদার্সে ফেরাটা আঁতুড় ঘরে ফেরার মতোই ব্যাপার। বিকেএসপি থেকে ২০০২ সালে ব্রাদার্সের হয়েই শীর্ষ পর্যায়ে অভিষেক হয়েছিল জাতীয় দলের জার্সিতে ১৬ গোল করা এমিলির। তিন মৌসুম টানা ব্রাদার্সে খেলেই নজর কাড়েন সবার। ২০০৫ সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় ব্রাদার্স। সেই দলের তরুণ সদস্য হিসেবে সে বছরই প্রথম জাতীয় দলে ডাক পান এমিলি। এরপর খেলেছেন শীর্ষ সব ক্লাবেই। আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধায় খেলা এমিলি অবশ্য চলতি মৌসুমের শুরুতে দল পাননি দীর্ঘ চোটের কারণে। গত বছর অসম্পূর্ণ লিগে মোহামেডানকে নেতৃত্ব দেওয়ার সময়ই লিগামেন্ট ইনজুরিতে পড়েন। সেটা কাটিয়ে উঠলেও চলতি মৌসুমে কোনো দল তাকে নিতে আগ্রহ দেখায়নি। এমনকি মোহামেডানও রাখতে চায়নি ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছানো এমিলিকে। তবে এমিলি মনে করেন এখনো ফুটবলকে দেওয়ার মতো অনেক কিছুই আছে তার, ‘বয়স হয়েছে ৩৩। আমার সমসাময়িকদের অনেকেই খেলছে। আমি তো মনে করি আমার আরও ২-৩ বছর পুরোদমে খেলার সামর্থ্য আছে।’ প্রথমপর্বের কিছুদিন পরেই ক্যাম্প শুরু করে দিয়েছিলেন ব্রাদার্সের জার্মান কোচ রেজা পার্কার। যদিও ব্রাদার্সের হয়ে অনুশীলন শুরু করার সুযোগই পাননি এমিলি। তার আগে ৭ এপ্রিল কভিডের কারণে বন্ধ করে দেওয়া হয় ক্যাম্প। কোচও ফিরে গেছেন জার্মানিতে। এমিলি বলেন, ‘ক্লাবের হয়ে অনুশীলনটা শুরু করতে পারলে ভালো হতো। এমনিতে ফিটনেস নিয়ে আমি সবসময় কাজ করি। তারপরও দীর্ঘ বিরতির জড়তা কাটাতে দলের সঙ্গে অনুশীলন করাটা জরুরি।’ পুরনো ক্লাবে ফেরার বিশেষ উদ্দেশ্যটা নিজেই জানালেন এমিলি, ‘এই ক্লাবের হয়েই আমার শীর্ষ পর্যায়ে খেলা শুরু। এখান থেকেই জাতীয় দলে সুযোগ পাওয়া। তাই এই ক্লাবকে অনেক কিছু দেওয়ার আছে। অবনমন থেকে রক্ষা করে ব্রাদার্সকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। আমি ছাড়াও আরিফুল, মিশু, জিতুর মতো অভিজ্ঞরা এসেছি। এছাড়া বিদেশিও পরিবর্তন করা হয়েছে। আশা করছি দ্বিতীয়পর্বে ব্রাদার্সকে অন্য রূপে দেখা যাবে।’

একে তো অবনমন অঞ্চলে ব্রাদার্সের ঘুরপাক। তার ওপর ক্লাবের বিরুদ্ধে উঠেছে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ। যার তদন্ত চালাচ্ছে বাফুফে। ব্রাদার্সের ম্যানেজার আমের খান জানালেন দলের এই পরিবর্তনগুলোই অবনমন রুখতে সহায়তা করবে দলকে, ‘মানডে, সিও জুনাপিও ও স্যামসন ইলিয়াসুকে বাদ দিয়ে আমরা দ্বিতীয়পর্বের জন্য তিন পরীক্ষিত আফ্রিকান মাগালান, মোমোদু বাহ ও সিরিল ওরিয়াকুকে দলে নিয়েছি। তাছাড়া এমিলি, আরিফুলের মতো অভিজ্ঞরা দলে ফিরেছে। তারাই আমাদের অবনমনের শঙ্কা থেকে রক্ষা করবে আশা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত