রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এ খবর নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, সোমবার দুপুরে পবা উপজেলার নওহাটায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
মেরাজ মোল্লার বড় ছেলে জালাল মোল্লা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টায় তিনি মারা গেছেন। ফুসফুসে পানি জমায় তিনি শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপে ভুগছিলেন।
গত ২৮ এপ্রিল মেরাজ উদ্দিন মোল্লার কভিড-১৯ শনাক্ত হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে একটি কেবিনে এবং পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল।
গত ৩ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার যোগে রাজশাহী হতে ঢাকায় স্থানান্তর করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি স্বাধীনতা পরবর্তীকালে নওহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দুইবার পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ২০০৮ সালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে দায়িত্ব পান দলের প্রবীণ নেতা মেরাজ উদ্দিন মোল্লা।
তার মৃত্যুতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেণী গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
