টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ শরিফুল ইসলাম নামে এক ভুয়া কনস্টেবলকে গ্রেপ্তার করেছে।
বুধবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা নামক স্থানে মোটরসাইকেল তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শরিফুল ইসলাম দিনাজপুর জেলার বিরল উপজেলার খানসামা বটতলা গ্রামের শাহীনুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান উকিল মহাসড়কে টহল দিচ্ছিলেন।
এ সময় তিনি বেলা সাড়ে বারোটার দিকে মহাসড়কের কদিমধল্যা নামক স্থানে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে মোটরসাইকেল তল্লাশি করতে দেখেন।
বিষয়টি তার সন্দেহ হলে পোশাক পরিহিত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে পুলিশের কনস্টেবল পরিচয় দেন। কর্মস্থল গাজীপুর জেলা পুলিশ লাইনে সাময়িক বরখাস্ত রয়েছেন বলেও জানান।
তিনি ২০১৮ সালে পুলিশে যোগদান করেছেন এবং তার কনস্টেবল নম্বর ক-১৪৮২ জানান। তাকে নারী সংক্রান্ত বিষয়ে ২০১৯ সালের ১৬ জুন বরখাস্ত করা হয়েছে বলেও তিনি এসআই হাবিবুর রহমানকে জানান। তার দেয়া তথ্য পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, পুলিশের পোশাক পরিহিত শরিফুলের দেয়া তথ্য গাজীপুর জেলা পুলিশে যাচাই-বাছাই শেষে প্রমাণিত হয়েছে তিনি পুলিশের সদস্য নয়। তার নামে মির্জাপুর থানায় প্রতারণা মামলা হয়েছে বলে তিনি জানান।
