চটজলদি স্মার্টফোনের স্ক্রিন লক খুলতে ফিঙ্গারপ্রিন্ট দারুণ সমাধান। এ পদ্ধতিতে সুদৃঢ় নিরাপত্তার পাশাপাশি, ফোনের লক খোলার ব্যাপারটিও সহজ হয়ে গেছে। মোবাইলের নিরাপত্তার কথা বিবেচনা করতে গেলে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে অবশ্যম্ভাবীভাবে চলে আসে ফেইসলকের বিষয়টি। তবে ফেইসলকের সঙ্গে তুলনা করতে গেলেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টই এগিয়ে থাকবে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেরই অনেক সময় সমস্যায় পড়তে হয়। যেমন কোনো কাজ করার সময় যদি হাত অপরিষ্কার হয়ে পড়ে, ভেজা বা ধুলোবালি থাকে, সে ক্ষেত্রে ফোনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। এ ছাড়া বিভিন্নভাবে যাদের আঙুল ক্ষয় হয়ে ছাপ অস্পষ্ট হয়ে গেছে, তারাও সমাধানের উপায় খুঁজছেন। আরও অনেক ধরনের সমস্যা আছে। এখানে দুই পদ্ধতিতে সমাধানের উপায় তুলে ধরা হয়েছে
১. মাঝখানের আঙুলের ছাপ ব্যবহার করুন : সাধারণত আমাদের হাতের মাঝখানের আঙুলটা (মধ্যমা) কম ব্যবহার করা হয়। বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীÑ এই দুই আঙুল কাজে-কর্মে বেশি ব্যবহার হওয়ায় ক্ষয় হওয়ার পাশাপাশি অনেক সময় অপরিচ্ছন্নও থাকে। বিশেষ করে যারা টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে এমনটি বেশি হয়। তাই তাদের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর তুলনায় মধ্যমার ছাপ ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করাই সবচেয়ে ভালো উপায়।
২. আঙুলের পাশ ব্যবহার করুন : আমরা ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেট করার সময় পুরো আঙুলের ছাপ দিই। পরে প্রতিবার লক খোলার সময় স্বভাবসুলভ আঙুলের ছাপের অংশের মাঝখানটা ব্যবহার করি। চাইলে আঙুলের ছাপের কোনো পাশ ব্যবহারের অভ্যাস করা যায়। এর ফলে আঙুলের মূল অংশে ক্ষত থাকলেও ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এবং বারবার মূল অংশ ব্যবহার না করায় নতুন করে ক্ষয়ও হবে না।
