করোনা আক্রান্ত আর মৃত্যু দিন দিন বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও নতুন করে ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ঝিনাইদহ সিভিল র্সাজন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ১৪৪টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৩ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮ ভাগ।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২২৬ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৮৫ জন রোগী।
এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহ জেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান চালাচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান জানান, আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে। এ সময় বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট, শপিংমল, হোটেল-রেঁস্তোরা ও বন্ধ থাকবে গণপরিবহণ। তবে খোলা থাকবে ওষুধের দোকান। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
