বুধবার কানে প্রদর্শিত হবে ‘রেহানা মরিয়ম নূর’

আপডেট : ০২ জুলাই ২০২১, ০২:২১ পিএম

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে বুধবার প্রদর্শিত হবে বাংলাদেশ থেকে প্রথমবার অফিশিয়াল সিলেকশন পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’। এর আগের দিন আসরের ৭৪তম কিস্তির পর্দা উঠবে।

সংশ্লিষ্টরা জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে ‘রেহানা মরিয়ম নূর’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।

উৎসবে যোগ দিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ‘রেহানা মরিয়ম নূর’-এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদসহ টিমের ৭ সদস্য। তারা কোয়ারেন্টাইন শেষে ৬ জুলাই উদ্বোধনী দিনে উৎসবে যোগ দেবেন।

‘রেহানা মরিয়ম নূর’ স্থান পেয়েছে উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে। এই বিভাগে মনোনয়ন পেয়েছে ১৫ দেশের ১৮টি সিনেমা।

বিচারকদের সভাপতি হিসেবে থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসি অভিনেতা এলসা জিলবারস্টেইন, আর্জেন্টিনার ড্যানিয়েল বারম্যান ও আলজেরিয়ার মউনিয়া মেডৌর।

একটি বেসরকারি কলেজের ৩৭ বছর বয়সী শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই বাংলাদেশি চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি হয়েছে। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে কঠিন জীবনযাপনে অভ্যস্ত। তিনি এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন।

এরপর থেকে সে তার মেডিকেল কলেজের ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী অপর শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ জানান। আর এ প্রতিবাদ জানাতে গিয়ে তিনি ক্রমেই একরোখা হয়ে ওঠেন। পরবর্তীতে একই সময়ে রেহানা ৬ বছর বয়সী কন্যার সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ রূঢ় আচরণ করেন। এমন অবস্থায় অনড় রেহানা বিদ্যালয়ের তথাকথিত নিয়মের বাইরে থেকে নিজ সন্তান ও ওই ছাত্রীর জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন।

‘রেহানা মরিয়ম নূর’-এর নাম ভূমিকায় আছেন আজমেরী হক বাঁধন। আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক ও সাবেরী আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত