ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার নাথান এলিস। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তিনি।
শুক্রবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। আর অভিষেক ম্যাচেই পর পর তিন বলে নিলেন উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ক্রিকেটারের অভিষেকে হ্যাটট্রিকের প্রথম নজির এটি।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন এলিস। তার নিজের চতুর্থ ওভার ছিল সেটি। ওই ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরান তিনি। পরের দুই বলে তুলে নেন মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসানকে।
২৬ বছর বয়সী বোলার ৩৪ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি সপ্তদশ হ্যাটট্রিক, অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয়।
ওয়ানডেতে অভিষেকে হ্যাটট্রিক আছে চারজন বোলারের। বাংলাদেশের তাইজুল ইসলাম প্রথম গড়েন এই কীর্তি।
এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম সাক্ষাতেই অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি।
এলিস হ্যাটট্রিক করলেও ম্যাচ শেষে হাসতে পারেননি তিনি। ম্যাচটি ১০ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
স্বাগতিকদের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১১৭ রানে থামে অজিরা।
