রাজধানীর গুলশানে বিষাদময় হলি আর্টিজান হামলার পাঁচ বছর পর জানা গেলে নতুন খবর। ওই জঙ্গি হামলা নিয়ে বলিউডে নির্মাণ করা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ছবিটির নাম ‘ফারাজ’। খবরটি জানিয়েছে বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা টি-সিরিজ। একই সময়ে সুপারস্টার কারিনা কাপুর খানও নিজের ইনস্টাগ্রামে ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কারণ, এ ছবিটির নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার চাচাতো ভাই জাহান কাপুরের। কারিনা লেখেন, ‘বড় পর্দায় তোমাকে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না। তোমাকে নিয়ে আমরা গর্বিত।’ তিনি আরও লেখেন, ‘এই ছবির গল্পটি বাংলাদেশের অবিশ্বাস্য একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। যে ঘটনায় নায়ক হয়ে ধরা দেয় ফারাজ। যে কিনা নিজের জীবনের বিনিময়ে অসাধারণ এক মানবিক গুণের পরিচয় দেয়।’
৩০ সেকেন্ডের এই অ্যানিমেটেড ফার্স্ট লুকে দেখা মেলে হলি আর্টিজান হামলার ভয়াবহতার এক ঝলক। ছবিটি নির্মাণ করছেন গুণী পরিচালক হাসনাল মেহতা। প্রযোজনায় রয়েছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।
প্রসঙ্গত, ফারাজ আইয়াজ হোসেন মাত্র ২০ বছর বয়সী একজন মুসলিম বাংলাদেশি। হলি আর্টিজানের ঘটনায় তিনি দুই বন্ধুকে বাঁচাতে বীরত্বের পরিচয় দেন। এ জন্য তাকে মাদার তেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এই ছবিতে আরও আছেন বলিউডের বিখ্যাত অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য।