শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনয়শিল্পী প্রার্থনা ফারদিন দিঘী গত বছর থেকে কাজ করছেন সিনেমার নায়িকা হিসেবে। এর মধ্যে তার ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই সিনেমা দুটি মুক্তি পেয়েছে।
এদিকে তিনি অভিনয় করলেন একটি হিন্দি গানের মিউজিক ভিডিওতে। এখানে তার বিপরীতে রয়েছেন মডেল ফারহান খান রিও। গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম।
জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার অদূরে ফিল্ম ভ্যালিতে হয়েছে এর দৃশ্য ধারণ। বিশ্বের তুমুল জনপ্রিয় প্ল্যাটফর্ম টি সিরিজের ইউটিউব চ্যানেলে শিগগিরই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে। এটি বাংলা ভাষায়ও দেশীয় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এ প্রসঙ্গে দিঘী বলেন, ‘আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। দর্শক উপভোগ করবেন, প্রত্যাশা করছি।’এ গানের ভিডিওটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার।