চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত

১২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:০৯ এএম

চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় দীর্ঘ ১২ ঘণ্টা সারা দেশের সঙ্গে খুলনা বিভাগের রেল যোগাযোগ বন্ধ ছিল। গতকাল সোমবার দুপুর ১২টা নাগাদ ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে গত রবিবার রাত ১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

পরে গতকাল সকাল সাড়ে ৭টার সময় ঈশ্বরদী থেকে রেলের উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনায় উথলী রেলওয়ে  স্টেশনের দু’দিকে দর্শনা, আনছারবাড়িয়া, সাবদালপুর এবং চুয়াডাঙ্গা স্টেশনমুখী চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশে ৩০টি বগিসহ মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে অপেক্ষা করছিল। রবিবার রাত ১২টা ৪০ মিনিটের সময় ক্রসিং শেষে ট্রেনটি পুনরায় নাটোরের উদ্দেশে রওনা করলে পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে লাইনের পাশে পড়ে যায়।

রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত