সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে টানা ৬ দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপকে অবগত করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ১১অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে এ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে টানা ৬ দিন আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সে মোতাবেক ১১অক্টোবর সোমবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
পূজার বন্ধ শেষে ১৭ অক্টোবর মঙ্গলবার থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে আন্তর্জাতিক আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১১ অক্টোবর সোমবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে মর্মে ভারতীয় ব্যবসায়ীরা এক পত্রের মাধ্যমে বিষয়টি আমাদের অবগত করেছেন।
আমরা সেই বিষয়টি পত্র দ্বারা হিলি স্থলবন্দরের সকল আমদানিকারক, রপ্তানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর, কাস্টমসসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবহিত করেছি।
