সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তির ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা শনিবার সন্ধ্যায় দেশে পৌঁছাতে পারে।
বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, আজ ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা আসছে।
এর আগে ভারত সরকার বাংলাদেশে ১০ লাখ ডোজ করে কোভিশিল্ড টিকা রপ্তানির অনুমতি দেয় বলে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল।
বাংলাদেশের সরকার গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করে। টিকা পেতে সেরামকে প্রায় এক হাজার তিনশ’ কোটি টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। স্থানীয় এজেন্ট হিসেবে চুক্তিতে অংশীদার হয় বেক্সিমকো।
চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু, এ পর্যন্ত দুই কিস্তিতে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল।
মার্চে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে ভারত সরকার আগে দেশের চাহিদা মেটানোর জন্য টিকা রপ্তানি বন্ধ করে দেয়।
হঠাৎ টিকা রপ্তানি বন্ধ করে দিলে বিকল্প না থাকায় বাংলাদেশের টিকাদান কর্মসূচি বন্ধ হয়ে যায়। এমনকি প্রথম ডোজ নেওয়া অনেকে সময়মতো দ্বিতীয় ডোজ পায়নি।
