অবশেষে বাংলাদেশের ব্যাটাররা টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারলেন। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ঝড় তুললেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনে নামা সাকিব আল হাসান খেললেন দারুণ। সুবাদে চ্যালেঞ্জিং পুঁজি পেল বাংলাদেশ।
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
ওমানের আল আমেরাত স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শুরুটা যদিও মোটেও ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান ওপেনার মোহাম্মদ নাঈম।
তবে দ্বিতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে ধাক্কা সামাল দেন সাকিব আল হাসান। পরে পাঁচ নম্বরে নেমে ঝড় তোলেন মাহমুদউল্লাহ। শেষে ছোট্ট ক্যামিও ইনিংস খেলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
তাতে ৭ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
মাহমুদউল্লাহ ২৮ বলে ৫০ রান করেন ৩টি করে চার ও ছক্কায়। সাকিব ৩৭ বলে ৩ ছক্কায় করেছেন ৪৬ রান। শেষ দিকে সাইফউদ্দিন ৯ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৯ রান করেন।
এ ছাড়া আফিফ হোসেন ১৪ বলে ২১ ও লিটন দাস ২৩ বলে ২৯ রান করেন।
তৃতীয় উইকেটে সাকিব ও লিটন ৪১ বলে ৫০ রানের জুটি উপহার দেন। যা দলকে শক্ত ভিত দেয়। এরপর পঞ্চম উইকেটে ২৩ বলে ৪৩ রানের জুটি উপহার দেন মাহমুদউল্লাহ ও আফিফ।
ইনিংসের শেষ ওভারে টানা দুটি ছক্কা ও চারে দলের স্কোর ১৮১-তে নিয়ে যান সাইফউদ্দিন।
পাপুয়া নিউ গিনির পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন কাবুয়া মোরেয়া, ডেমিয়েন রাভু ও আসাদ ভালা।
‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হারে। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে হারিয়ে সুপার টুয়েলভ পর্বের আশা জিইয়ে রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এ ম্যাচে ৩ রানে জিতলেও সুপার টুয়েলভ পর্বে পা দেবে বাংলাদেশ।
