টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন অ্যাডাম জাম্পা। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন ২৯ বছর বয়সী এই লেগ স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে রবিবার ফাইনালে মাঠে নামার আগে জাম্পা জানালেন এক অন্য কথা।
তার ক্যারিয়ারে দীর্ঘদিন ধরে তাকে অবজ্ঞার সম্মুখীন হতে হয়েছে বলে মন্তব্য জাম্পার। বললেন, সেই ঘটনাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার পরেই তার পারফরম্যান্সের উন্নতি ঘটেছে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সব থেকে ভালো পারফরম্যান্স করার পরেও জাম্পা সেভাবে লাইমলাইটে আসেননি। এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। ৬ ম্যাচে এখন পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন। ৫.৬৯ ইকোনমি রেট এবং ১১.৫ গড়ে তিনি এই উইকেট নিতে সমর্থ হন।
সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশ দলের বিপক্ষে ১৯ রান খরচায় ৫ উইকেট তুলে নেন জাম্পা। তার এই পারফরম্যান্সে ভর করে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা মসৃণ করে অজিরা।
সেই জাম্পা বলছেন, ‘সব সময় আমাকে অবজ্ঞা করা হয়েছে। আমার যখন ১৫-১৬ বছর বয়স তখন থেকেই এমন ঘটনা ঘটত। আমার থেকে সব সময় অন্য কারো উপর বেশি ফোকাস করা হত। এই বিশ্বকাপের পরে ফের একটা সিরিজ আসবে। আমি ফের একবার অবজ্ঞার সম্মুখীন হব। এই চ্যালেঞ্জটাই আমাকে ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে।’
২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক জাম্পার। প্রায় ৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৪ ওয়ানডে ও ৫৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উইকেট যথাক্রমে ৯৭ ও ৬৪টি।
