স্বামী নিক জোনাসের সঙ্গে বিচ্ছেদের জল্পনা উঠতে কয়েক ঘণ্টার মধ্যেই কড়া জবাব দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর হাঁফ ছেড়ে বাঁচলেন ভক্তরা।
ঘর ভাঙছে নিক-প্রিয়াঙ্কার, এমনই গুঞ্জন আচমকা মাথাচাড়া দেয় সোমবার। নিজের ইনস্টাগ্রাম ওয়াল থেকে হঠাৎই স্বামীর পদবি মুছে ফেলেন প্রিয়াঙ্কা, এরপরই এমন জল্পনা।
জোনাস সারনেম সরিয়ে দেওয়ায় দুশ্চিন্তায় পড়ে প্রিনিক জুটির ভক্তরা। আসলে গত কয়েক বছরে আদর্শ তারকা দম্পতিদের বিচ্ছেদ তো কম দেখেননি তারা, তাই অনেকেই ভেবেছিল তৃতীয় বিবাহবার্ষিকীর আগেই বোধহয় ঘর ভাঙল তারকা জুটির!
প্রিয়াঙ্কা বিবাহবিচ্ছেদের জল্পনায় ইতি টানলেন একটি মাত্র বাক্য দিয়েই। সোমবার গভীর রাতে ইনস্টাগ্রামে একটি ওয়ার্কআউট ভিডিও পোস্ট করেন নিক। সাদাকালো ভিডিও’য় দেখা যায় জিমে ঘাম ঝরাচ্ছেন মার্কিন পপ তারকা। ক্যাপশনে লেখা, ‘মানডে মোটিভেশন… শুরু করা যাক’।
নিকের এই ভিডিও’র মন্তব্যের ঘরে আদুরে বার্তা দিলেন পিগি চপস। তিনি লেখেন, ‘ওই বাহুডোরে আমি জাস্ট মরে গেলাম’। দেশি গার্লের এই কমেন্টে এখন লাইকের বন্যা বইছে।
বলা যায়, ওই কমেন্ট দেখে হাঁফ ছেড়ে বাঁচল অনুরাগীরা। তবে নিকের পদবি সরিয়ে ফেলা নিয়ে অজস্র প্রশ্ন এলেও কোনো জবাব মেলেনি ‘দ্য ম্যাট্রিক্স ফোর’ অভিনেত্রীর তরফে।
এ দিকে নিক-প্রিয়াঙ্কার ডিভোর্সের জল্পনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর মা মধু চোপড়া। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা একদম বাজে কথা, এই সব গুজব ছড়াবেন না।’
২০১৮ সালের ডিসেম্বর মাসের ২ ও ৩ তারিখে হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল জুটির রাজকীয় বিয়ের আসর।
