স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ৬৪ জেলার ৬৫টি বধ্যভূমিতে মঞ্চায়িত হচ্ছে গণহত্যার পরিবেশ থিয়েটার।
শনিবার সন্ধ্যা ৭ টায় ঝিনাইদহ শৈলকূপায় কামান্না ২৭ শহীদ সমাধি প্রাঙ্গণে মঞ্চস্থ হয় নাটক ‘কামান্না ট্র্যাজেডি’। প্রশান্ত হালদারের রচনা এবং তানভীর নাহিদ খানের পরিকল্পনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি, ঝিনাইদহ রেপার্টরি নাট্যদলের শিল্পীরা নাটকটিতে অভিনয় করেন।
ঝিনাইদহ’র শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে ১৯৭১ সালের ২৭ নভেম্বর ভোর রাতে হানাদার বাহিনীর আচমকা আক্রমণে এক ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটে। মহান মুক্তিযুদ্ধে ঝিনাইদহ অঞ্চলের প্রেক্ষাপট নিয়ে ‘কামান্না ট্র্যাজেডি’ নাটকের গল্প গড়ে উঠেছে।
নাটকটিতে সহকারী নির্দেশক ও ড্রামাতার্গ ছিলেন নাভেদ রহমান। অভিনয় করেন ঝিনাইদহ এবং শৈলকুপার সংস্কৃতিকর্মীরা।
নাটকের প্রদর্শনীর আনুষ্ঠানিকতায় ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনলাইন মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংসদ সদস্য মো. আব্দুল হাই, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।
