সৌদি আরবে চলছে উট নিয়ে বিশ্বের সবচেয়ে বড় উৎসব। ‘কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল’ নামের এই উৎসব উট নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন। আর মূল আকর্ষণ হলো উটের ‘সুন্দরী প্রতিযোগিতা’। শত শত উট অংশ নেয় এই প্রতিযোগিতায়। বিজয়ী উটগুলোর মালিকেরা সব মিলিয়ে পান কয়েক হাজার কোটি টাকার পুরস্কার। আর এজন্য জয়ী হতে অনেক উটের মালিকই প্রতারণার আশ্রয় নেন। এবারও তেমন ঘটনা ঘটেছে। প্রতিযোগিতায় অংশ নিতে কসমেটিক সার্জারি করার অভিযোগে বাদ দেওয়া হয়েছে ৪০টি উট।
আল জাজিরার খবর বলছে, এবার এই উৎসবের ষষ্ঠ আসর। গত ১ ডিসেম্বর শুরু হওয়া অনুষ্ঠান চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। কিন্তু উৎসব শুরুর পরপরই কৃত্রিমভাবে সৌন্দর্য বাড়ানোর অভিযোগ ওঠে ১৪৭টি উটের মালিকের বিরুদ্ধে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিযোগিতা থেকে ৪০টির বেশি উটের নাম বাদ দেন আয়োজকরা।
আল-জাজিরা জানায়, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে এসব উটকে বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছে। এ ইনজেকশন মূলত ত্বক টানটান রাখা ও চেহারা থেকে বলিরেখা দূর করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আরও সুঠাম দেখানোর জন্য এসব উটকে হরমোন ইনজেকশন দেওয়া হয়েছে। এ বিষয়ে উৎসবের আইনবিষয়ক কমিটির মুখপাত্র মারজুক আল-নাত্তো জানান, এই উৎসবে অংশ নেওয়া উটের সৌন্দর্য বাড়াতে যেকোনো ধরনের কৃত্রিম উপায় অবলম্বন করা নিষিদ্ধ। এটা প্রতারণার শামিল। প্রতারণা প্রমাণিত হওয়ায় প্রতিযোগিতা থেকে উটগুলোর নাম কাটা গেছে। উটপ্রতি এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হয় মালিকদের।