ভোমরা বন্দরে মাদকদ্রব্যবাহী ট্রাকসহ ২ ভারতীয় আটক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:২৫ এএম

সাতক্ষীরায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ভারতে উৎপাদিত মাদক ‘লিস্যারজিক ডাইথ্যলামাইড’সহ একটি ট্রাক আটক করা হয়েছে। এ সময় এই মাদক কারবারে জড়িত দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ৩৩ বিজিবি’র অধীনস্থ ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে একটি টহল দল সন্ধ্যা সাতটার দিকে সীমান্ত পিলার-৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা স্থলবন্দর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

টহলদল ডগ জনির সহায়তায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে বিশ লাখ টাকার ১০০ এমএল ভারতীয় লিস্যারজিক ডাইথ্যলামাইড মাদকদ্রব্য এবং ৫০ লাখ টাকা মূল্যের ১টি ভারতীয় টাটা ট্রাক জব্দ করা হয়। এ সময় মো. আবুল হাসান (৪৪) ও মো. আলাউদ্দিন মিস্ত্রি (৩৪) নামে দুই ভারতীয় নাগরিক আটক হন।

তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত