২১ দিন জঙ্গল ব্যতীত কোনো ঘর বাড়ি দেখি নাই: নিরব

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৯:২৬ পিএম

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

নতুন সিনেমা ‘জল কিরণ’ এ যুক্ত হলেন। সিনেমাটি নিয়ে জানতে চাই….

প্রথমবারের মতো সায়েন্স ফিকশন ঘরানার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। খুব ভালো লাগছে। এই সিনেমার চরিত্র নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। চরিত্রটি দর্শক হলে গিয়ে দেখুক সেটাই চাই।

স্পর্শিয়ার সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

এর আগে স্পর্শিয়ার সঙ্গে রোজিনা আপার ‘ফিরে দেখা’ সিনেমায় কাজ করেছি। স্পর্শিয়া খুব ভালো অভিনেত্রী। খুব ভালো অ্যাক্টিং করে। ‘ফিরে দেখা’র শুটিং শুরু হয় গত বছরের মার্চে। আমরা শুরুতেই একটা গানের শুটিং করি। দেখা গেল যে প্রথম শটটাই এক টেকে ওকে করেছে। আপা তো খুবই খুশি। এক্সপ্রেশন থেকে শুরু করে সবকিছুই সবাই পছন্দ করেছে। ইদানীং যেহেতু গল্প নির্ভর ছবি বেশি হচ্ছে তো গল্প নির্ভর ছবিতে তাকে কাস্ট করলে বেশি ভালো হবে।

মুক্তির অপেক্ষায় অনন্য মামুনের ‘অমানুষ’ চলচ্চিত্র। অমানুষ কেমন ছবি হবে?

‘অমানুষ’ সিনেমার মুক্তির বিষয়টা এখনো আমি নিশ্চিত না। এটা পরিচালক ভালো বলতে পারবেন। ‘অমানুষ’ নিয়ে আমি শতভাগ আশাবাদী। কারণ যে ধরনের ছবি এখন মানুষ দেখছে এটা তাদের দেখার অভিজ্ঞতার বাইরের একটি ছবি হতে যাচ্ছে। এক রুম, ড্রয়িং স্পেস, বারান্দা, ঘর এসব দেখতে দেখতে মানুষের এক ঘেয়েমি তৈরি হয়েছে। আমি ২১ দিন শুটিং করেছি সিনেমাটির, এই ২১ দিনে বেডরুম, ড্রয়িং রুম বা জানালার কোনো শট দেখিনি। একদম রিমোট একটি এরিয়ায় শুটিং হয়েছে। পুরো শুটিং হয়েছে জঙ্গলের ভেতর। প্রত্যেকটা মানুষের চেহারা বীভৎস দেখানো হয়েছে। একটা মানুষ যদি ২০/২৫ বছর জঙ্গলের মধ্যে থাকে তাহলে চেহারা যেরকম হবে ওইরকম একটা আবহ তৈরি করা হয়েছে ছবিতে। শুটিং চলাকালীন ২১ দিন জঙ্গল ব্যতীত কোনো ঘর বাড়ি দেখি নাই। শুধুমাত্র শুটিং শেষে রাত্রে ঘুমানোর জন্য রিসোর্ট বা রেস্ট হাউসে গিয়েছি। আর এসবের কারণে মানুষ নতুনত্ব পাবে। আর মামুন ভাই তো অভিজ্ঞ পরিচালক, তিনি খুব সুন্দরভাবে গল্পটা তুলে ধরেছেন। আর রাফিয়াথ রশিদ মিথিলার এটা প্রথম চলচ্চিত্র। মানুষ মিথিলাকে প্রথমবারের মতো এই ছবির মাধ্যমে বড় পর্দায় দেখবে। এর বাইরে মিশা সওদাগর ভাই, রাশেদ মামুন অপু, নওশাবা আছে, মানে অনেক বিগ কাস্টিংয়ের একটি ছবি এটি। বিগ বাজেটের। দর্শক এখন যে ধরনের ছবি দেখে তার থেকে এটা একেবারেই ডিফরেন্ট টাইপের। বিগ বাজেটের ছবি বলতেই আমরা যেটা দেখি অ্যাকশন, স্টান্ট, থ্রিলার, বোম ফুটবে, দেশ নিয়ে পলিটিকস হবে- এসবের বাইরেও যে একটা এলাকার ভেতরে একটা গল্প বলা যায় সেটা মানুষ ‘অমানুষ’ চলচ্চিত্রের মাধ্যমে দেখতে পাবে।

গত বছর যেমন কাটল...

আমার কাছে মনে হয়েছে ২০২১ সাল নিয়ে আমি খুবই হ্যাপি। খুব ভালো ছিল আলহামদু লিল্লাহ। একুশের জায়গাটা আমি বলব যে কোভিড়ের সময়ে আমাদের রিলিজের জায়গাটা বন্ধ ছিল। তবে রিলিজ বন্ধ থাকলেও আমরা বেশ কিছু সিনেমার শুটিং করেছি। আমরা ছায়াবৃক্ষের শুটিং করেছি, অমানুষের শুটিং করেছি, ফিরে দেখা ছবির শুটিং করেছি। এর বাইরে আমার চোখ, কসাই এসব ছবি মুক্তি পেয়েছে।  এ ছাড়া বন্ধন বিশ্বাসের ওয়েব ফিল্ম ‘জালে’র শুটিং করেছি। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ২০২১ টা আমার কাছে ভালো ছিল। এই ভালোটা ২০২২ সালে ইমপ্যাক্ট পরবে। কারণ এই ছবিগুলো ২০২২ সালে মুক্তি পাবে। যেগুলোর শুটিং করেছি ২০২১ সালে।

নতুন বছর নিয়ে প্রত্যাশা….

২০২২ সালে আমার অনেকগুলো ছবিই মুক্তি পাবে। এর মধ্যে রোজিনা আপার ‘ফিরে দেখা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, অনন্য মামুনের ‘অমানুষ’, এইচ আর হাবিবের ‘জল কিরণ’ বুলবুল জিলানির চলচ্চিত্র ‘রুদ্র ছায়া’ আছে। বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে। এর বাইরেও পাইপ লাইনে আরও কিছু ছবি আছে যেগুলো মুক্তি পাবে। সব মিলিয়ে এই বছরটা বেশ ভালোই যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত