সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘সমতলের বারো জাতি’

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৫:৩৫ পিএম

সমতলে বসবাসরত নৃগোষ্ঠী জাতিগুলোর রয়েছে হাজার বছরের ঐতিহ্যে লালিত নিজস্ব আচার ও সংস্কৃতি। শত বাধা-বিপত্তি সত্ত্বেও তারা টিকে থাকার সংগ্রাম করছেন অবিরত। কালের প্রবাহেও তারা বজায় রেখেছেন তাদের সাংস্কৃতিক স্বকীয়তা।

কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘সমতলের বারো জাতি’। সমতলের বারোটি জাতির দলবদ্ধতা, ভাষা, সংস্কৃতি, আচার, মিথ, বিদ্রোহ-সংগ্রাম, উৎসব, সততা ও লোকবিশ্বাস সম্পর্কে পাঠককে ঋদ্ধ করবে এই গ্রন্থ।

গ্রন্থটি নিয়ে কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, ‘লেখক ও গবেষক সালেক খোকন তৃণমূলের নৃগোষ্ঠী জাতিগুলো কাজ করছেন এক যুগেরও ওপরে। প্রায় তিন বছর পর প্রকাশিত হয়েছে তার এই নতুন গবেষণাগ্রন্থটি। এ গ্রন্থে লেখক নিংড়ে বের করে এনেছেন সমতলের বারোটি আদিবাসী জাতির নানা বিষয়।’

জসিম উদ্দিন বলেন, ‘সালেক খোকন এই বইটিতে আলোকচিত্রসহ তুলে ধরেছেন কড়া, গারো, সাঁওতাল, মুসহর, তুরি, ভুনজার, মালো, কর্মকার বা লোহার, ডালু, হাজং, ওঁরাও ও মুন্ডা আদিবাসীদের জন্ম, মৃত্যু, বিয়ের আচার, বসন-ভূষণ, জীবনযাপন পদ্ধতি, উৎসব, মিথসহ জীবনের নানা দিক। গ্রন্থটিতে জাতিগুলোর বিভিন্ন তথ্য তিনি তুলে ধরেছেন সরল গদ্যে, অত্যন্ত সুপাঠ্যরূপে, যা গবেষণা-সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে আমরা মনে করি।’

সালেক খোকনের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৪টি। তার রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার অর্জন করে। তার লেখা নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে দৈনিক দেশ রূপান্তরে।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী (কথাপ্রকাশ), আদিবাসী বিয়েকথা (কথাপ্রকাশ), চন্দন পাহাড়ে (ইকরিমিকরি), আদিবাসী লোককথা (বেঙ্গল পাবলিকেশনস), ১৯৭১: বিজয়ের গৌরবগাথা (কথাপ্রকাশ), ৭১-এর আকরগ্রন্থ (কথাপ্রকাশ), অপরাজেয় একাত্তর (পেনসিল পাবলিকেশনস), ১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য (কথাপ্রকাশ), ১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা (কথাপ্রকাশ), ১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা (সময় প্রকাশন), ১৯৭১: যাঁদের রক্তে সিক্ত এই মাটি (বেঙ্গল পাবলিকেশনস), রক্তে রাঙা একাত্তর (পাঞ্জেরী পাবলিকেশনস)।

‘সমতলের বারো জাতি’ গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। ১৩৬ পৃষ্ঠা গ্রন্থটির মলাট মূল্য ২৫০টাকা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত