মিঠুন ঝড়ে সিলেটের সংগ্রহ ১৪২

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৫ পিএম

খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন মোাহাম্মদ মিঠুন। সতীর্থদের ব্যর্থতার মাঝে এই ডানহাতি ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৪২ রানের সংগ্রহ পেয়েছে সিলেট সানরাইজার্স।

চলতি বিপিএলে দুই দলের এটি প্রথম লেগের ম্যাচ। দুই দল মাঠে নামে একাদশে পরিবর্তন নিয়ে। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। তাদের দুই ওপেনার ছিলেন খোলসবন্দী।

যেখানে লেন্ডল সিমন্সের রান ১৯ বলে ৬ এবং উইকেটরক্ষক এনামুল হক বিজয় করেন ১০ বলে ৪। হাসেনি কলিন ইনগ্রামের ব্যাটও (২)। ৩৪ বলে ৩ উইকেট হারানো সিলেটকে শত পেরোনো স্কোর এনে দেন ওয়ান-ডাউনে নামা মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

ইনিংস শেষ হওয়ার এক বল বাকি থাকতে সাজঘরে ফেরেন মিঠুন। তার আগে খেলেন ৫১ বলে ৭২ রানের ইনিংস। এই ডানহাতি ব্যাটারের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৪ ছয়ে। মোসাদ্দেক ৩০ বলে করেন ৩৪ রান।

শেষ বলে ব্যাটিংয়ে নেমে ছয় মারেন নাদিফ চৌধুরী। মুক্তার আলী ৫ রানে অপরাজিত ছিলেন। খুলনার হয়ে খালেদ আহমেদ নিয়েছেন ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত