বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন প্রিন্স

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৩ পিএম

অ্যাশওলের প্রিন্স বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রিন্সের পদত্যাগের খবর বুধবার দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে প্রথম প্রকাশ পায়। পরে বিষয়টির সত্যতা স্বীকার করে বিসিবি।

সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা তার পদত্যাগের ইমেইল পেয়েছি। আলোচনার মাধ্যমে বোর্ড এখন তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

নিউজিল্যান্ড সিরিজের পর ছুটিতে ছিলেন বাংলাদেশের কোচিং প্যানেলের বিদেশি সদস্যরা। আফগানিস্তান সিরিজের আগে তাদের ঢাকায় আসার কথা। তবে দায়িত্ব ছাড়ায় প্রিন্স আর আসছেন না। তবে আরেক দক্ষিণ আফ্রিকান, টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আসছেন বলে জানিয়েছে বিসিবি।

গত বছর জুলাইয়ে রাসেল ডমিঙ্গোর কোচিং প্যানেলে যোগ দেন প্রিন্স। দক্ষিণ আফ্রিকার হয়ে যিনি ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

প্রিন্সের সঙ্গে বিসিবি প্রাথমিকভাবে গত বছরের জিম্বাবুয়ে সফরের জন্য চুক্তি করে। পরে এ বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায় দুই পক্ষ।

পরিবারকে আরো বেশি সময় দিতে প্রিন্সের পদত্যাগের সিদ্ধান্ত বলে জানাচ্ছে দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম আইওএল স্পোর্ট।

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের কোচিং প্যানেলের দ্বিতীয় সদস্য হিসেবে প্রিন্স সারে দাঁড়ালেন। এর আগে নিউজিল্যান্ড সিরিজের পর বোলিং কোচের দায়িত্ব ছাড়েন ওটিস গিবসন।

বিসিবি অবশ্য কিছুদিন আগেই জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। যিনি আগে টাইগারদের প্রধান কোচ ছিলেন। এরই মধ্যে বাংলাদেশেও এসে পড়েছেন সিডন্স।

তবে সিডন্স ঠিক কোথায় কাজ করবেন সেটা পরিষ্কার ছিল না। বিশেষ করে জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে প্রিন্স থাকায় সিডন্সের দায়িত্ব নিয়ে ছিল আরো ধোঁয়াশা। প্রিন্স সরে দাঁড়ানোয় এখন সিডন্স সেই পদে দায়িত্ব নেন কিনা সেটাই দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত