সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা নেত্রকোনায়

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৪:১৮ পিএম

সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মরদেহ তার নিজ জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানেই আজ শনিবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাহাবুদ্দীন আহমদের ভাতিজা সোহরাব উদ্দিন।

তিনি জানান, বিকেল তিনটার দিকে হেলিকপ্টারে সাহাবুদ্দীন আহমদের মরদেহ পেমই গ্রামে নিয়ে আসা হয়েছে। এরপর এখানে প্রথম জানাজা শেষে আবারও মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে।

আজ সকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাহাবুদ্দীন আহমদ আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে মারা গেছেন।

কয়েক বছর ধরে সাবেক এই প্রধান বিচারপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

নব্বইয়ের আন্দোলনে স্বৈরশাসক এইচ এম এরশাদ সরকারের পতনের পর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

পরবর্তীতে তার নেতৃত্বাধীন নির্দলীয় সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়।

নির্বাচনের পর দেশের সংবিধানে পরিবর্তন এনে তিনি আবার প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দীন আহমদ। ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।

এরপর গুলশানের বাসভবনে অনেকটা নিভৃত জীবনযাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত