আজিমপুরের বাসায় নার্সের ঝুলন্ত মরদেহ

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২:৫০ এএম

রাজধানীর আজিমপুরের একটি বাসা থেকে কাবেরি রানি সরকার (৩২) নামে এক নার্সের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। 

বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে আজিমপুর দক্ষিণ কলোনির ৩০ নম্বর বাসার নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করে লালবাগ থানা পুলিশ।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল বলেন, জরুরি সেবা নম্বর ৯৯৯–এর ফোন পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিছানায় শায়িত অবস্থায় ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, তার দ্বিতীয় স্বামী রুপম চৌধুরি চট্টগ্রাম থাকে। আগের সংসারের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আজিমপুরের বাসায় থাকতেন কাবেরি। রুপম কয়েকদিন পরপর তার বাসায় আসতেন। পারিবারিক ঝামেলা চলছিল তাদের। মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে বাসার ভেতর ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন কাবেরি। দেখতে পেয়ে সন্তানরাই তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। পরে স্বজনদের খবর দেয়। বুধবার সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তার গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ পাওয়া গেছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

কাবেরি ভোলার চরফ্যাশন উপজেলার স্বপন চন্দ্র সরকারের মেয়ে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত