সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাজু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৯:০৬ এএম

কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু (৩৪) র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত দুইটায় ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। র‌্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে র‌্যাব সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালাতে গোলাবাড়ি এলাকায় যায়। তখন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। একই সঙ্গে হামলা চালানো হয়। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে ও সরকারি সম্পদ রক্ষায় পাল্টা গুলি করে। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

তিনি জানান, রাজুর মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেগোলাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও বলেন, রাজুর বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। তিনি ওই গ্রামের সাদেক মিয়ার ছেলে। তবে পরিবার নিয়ে তিনি ময়নামতি সাহেব বাজার এলাকার ১৫ নম্বর গেটে থাকতেন। তার সেনানিবাস এলাকায় মোটরসাইকেলের ব্যবসা আছে। এর আড়ালে তিনি মাদক কারবার ও সীমান্ত দিয়ে কাপড় আনা নেওয়ার ব্যবসা করতেন।

গত বুধবার রাতে সাংবাদিক মহিউদ্দিনকে ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইলসংলগ্ন হায়দারাবাদ নগর এলাকায় গুলি করে হত্যা করা হয়। বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকারের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মহিউদ্দিনকে মাদক কারবারিরা তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করে। মহিউদ্দিন বুড়িচং উপজেলার কুমিল্লার ডাক পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের বিরুদ্ধে লেখালেখি করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত