দক্ষিণখানে পুলিশ কর্মকর্তাকে মারধর করায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৯:৩৩ এএম

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় পুলিশের এক এএসআইকে বেধড়ক মারধর করার অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শরীফ ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার দক্ষিণখান থানায় মামলা করেছেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত সহকারী-পরিদর্শক (এএসআই) মঞ্জুরুল হক। আগেও অনেকে বিমানবন্দর থানা ছাত্রলীগ সভাপতি শরীফের হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি।

এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতার দাপট দেখিয়ে তিনি এলাকায় নানা অপরাধ-অপকর্মসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যের ওপর অকারণে হামলা ও পুলিশকে গালাগালি করার ঘটনায় শরীফ ও তার সহযোগী আলীম এবং রিপনসহ সকল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, দক্ষিণখানের আশকোনা এলাকায় সপরিবারে বসবাস করেন এসবিতে কর্মরত পুলিশ সদস্য এএসআই মঞ্জুরুল হক। গত বুধবার বিকেলে তিনি ইফতার কিনতে আশকোনা কমিউনিটি সেন্টারের সামনের পার্কিংয়ে বাইক থামান। এ সময় সেখানে চেয়ার পেতে আড্ডা দিচ্ছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শরীফসহ কয়েকজন। মোটরসাইকেল সরিয়ে নিতে মঞ্জুরুলকে গালাগালি শুরু করেন তারা।

পার্কিংয়ে গাড়ি রাখার পরও কেন গালাগালি করা হচ্ছে জানতে চাইলে বিনা কারণে উত্তেজিত হন শরীফ বাহিনী। অবস্থা বুঝতে পেরে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্য মঞ্জুরুল তার পরিচয় দেন। তখন তার কাছে গিয়ে শরীরে কয়েকটি ধাক্কা দিয়ে গালাগালি করেন। পরে ছাত্রলীগ নেতা শরীফ, তার সহযোগী আলীম ও রিপনসহ আরও ৭-৮ জন এএসআই মঞ্জুরুল হককে কিল-ঘুষি মারতে থাকেন। তাদের হামলায় একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজনের সহায়তায় রক্ষা পান ও হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

জানা গেছে, স্থানীয় দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানান এএসআই মঞ্জুরুল হক। পরে কর্মকর্তাদের পরামর্শে শনিবার দক্ষিণখান থানায় হত্যাচেষ্টা মামলা করেন তিনি। এসআই মো. হাফিজুর রহমানকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত