গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী হুমায়ুন শেখ (৩৮) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামে। তার বাবার নাম সাদি শেখ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, পুরাতন মুকসুদপুর থেকে মুকসুদপুরে উপজেলা সদরগামী সাইকেল আরোহী হুমায়ুন শেখকে গোপালগঞ্জ হতে ফরিদপুরগামী মাইক্রোবাস পেছন দিক থেকে সজোরে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে বাইসাইকেল আরোহী পাশের গর্তে পড়ে যায় ও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
