১৭ জুন মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ চলচ্চিত্র। এই সিনেমায় অভিনয় করেছেন নিরব হোসেন, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদসহ আরও অনেকে। বুধবার সন্ধ্যায় এফডিসিতে ছবিটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন হয়। এই সংবাদ সম্মেলনে সিনেমার কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসে ‘অমানুষ’ সিনেমায় কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নিরব বলেন, ‘আমি সত্যিই আনন্দিত যে, তাৎক্ষণিক আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ। আপনারা সবসময় বাংলা চলচ্চিত্রের সঙ্গে ছিলেন এবং আছেন। এটাই বড় পাওয়া।’
তিনি বলেন, ‘পরিচালক অনন্য মামুন, মিশা ভাই, মিথিলাসহ সবাইকে ধন্যবাদ। এই ছবিতে অনেক পরিচিত মুখ আছেন যাদের কারণে এই ছবিটা সবার কাছে পরিচিতি পেয়েছে। আমরা রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে কাজ করিনা কেন, কষ্টটা কষ্টকর থাকে না যখন মানুষ সিনেমাটা দেখে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন সে জন্য আপনাদেরকে ধন্যবাদ।’
ছবিতে ওসমান ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। সম্প্রতি প্রকাশিত ২ মিনিট চার সেকেন্ডের ট্রেলারে দেখা যায় ডাকাত দলেরা একটি বনকে অশান্ত করে তুলেছে। অনন্য মামুনের সিনেমায় মিশা সওদাগর, ডন এমনকি নিজেকে মফিজ ডাকাত হিসেবে পরিচয় দেয়া রাশেদ মামুন অপুকেও দুর্ধর্ষ রূপ দেখা যায় ট্রেলারে।
